নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের তালতলা বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ৬জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধদের গুরুতর আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।
এসপি মো. শহীদুল ইসলাম বলেন, ‘শুক্রবার বিকেলে আমিরাবাদ হাইস্কুল মাঠে নাউরী গ্রাম ও খিলপাড়া গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে ওই খেলাকে কেন্দ্র করে নাউরী ও আমিরাবাদ গ্রামের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত সাড়ে ৮টার দিকে নাউরী গ্রামের লোকজনের ওপর তালতলা বাজারে আমিরাবাদের ১৪-১৫ জন অতর্কিত হামলা চালায়।’
এতে আমিশাপাড়া ইউনিয়নের নাউরী গ্রামের জাফর মাস্টারের ছেলে ফয়সাল (২০), দ্বীন মোহাম্মদের ছেলে মনির (৪৫), আবুল বাসারের ছেলে আরমান হোসেন (১৮), সহিদ উল্যাহর ছেলে শাহাদাত হোসেন (১৯) , জাহাঙ্গীর আলমের ছেলে জিসান (২০),ও আজিজ উল্যাহর ছেলে মানিক (১৬) গুলিবিদ্ধ হন।
তিনি আরও বলেন, ‘তাদেরকে উদ্ধার করে সোনাইমুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ফয়সাল, আরমান, জিসান ও মানিককে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এলাকায় পুলিশ তৎপর রয়েছে।’
বার্তা বাজার/এসবি