আলীকদমে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

বান্দরবানের আলীকদম হতে চার লক্ষ পঁচানব্বই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫ঘটিকার সময় উপজেলার উত্তর পালং পাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই এলাকার কবির হাজীর ছোট ছেলে মনির হোসেন (২৩) ও একই এলাকার দ্বীন মোহাম্মদের ছেলে মো. সাইফুল ইসলাম (১৯)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।

র‌্যাব জানায়, সাম্প্রতিক কালে লক্ষ্য করা যাচ্ছে যে, মাদক ব্যবসায়ীরা টেকনাফ হতে সাগর পথ ব্যবহার না করে মায়ানমার থেকে সীমান্তবর্তী জেলা বান্দরবানের আলীকদম এবং লামার দূর্গম পাহাড়ী পথ ব্যবহার করে চকরিয়া, চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম উল্লেখিত এলাকায় ব্যাপক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। নজরদারী এক পর্যায়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান মায়ানমার হতে আনয়ন করে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম থানাধীন সদর ইউনিয়নের উত্তর পালং পাড়া এলাকায় একটি বসতঘরের ভিতর মজুদ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামীদের আটক করে।

র‌্যাব আরো জানায়, ১নং আসামী তার আরো দুই ভাইয়ের সাথে পার্বত্য অঞ্চলে মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলছে। উক্ত দুই ভাইও র‌্যাবের গোয়েন্দা নজরদারীতে রয়েছে এবং দ্রুত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে আমাদের।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আলীকদম থানায় হস্তান্তরে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্যযে, এর আগে এক নং আসামির দুই ভাই মোহাম্মদ নূর ও মোহাম্মদ নবী ইয়াবাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। কিন্তু বারবার তারা আটক হয়েও অজ্ঞাতকারণে জামিনও পেয়ে যায়! জামিনে এসে তারা পুনরায় ইয়াবা ব্যবসা চালিয়ে যায়।

এম. মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর