রাজধানীর তেজগাঁও এলাকায় একটি বাসায় থাকা ছাত্র মেসে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতদের একজন চাঁদপুরের ইয়াসিন তালুকদার। অপর শিক্ষার্থীর নাম পরিচয় জানা সম্ভব না হলেও তার বয়স আনুমানিক ২৭ বছর।
শুক্রবার (০১ অক্টোবর) রাত ৯টার দিকে তেজগাঁওয়ের ২৭/এ পূর্ব তেজতুরী বাজারে এই ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ।
তিনি বলেন, পূর্ব তেজতুরী বাজারের ৬ তলা একটি ভবনের ৩য় তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তৃতীয় তলার একটি কক্ষে দু’জন শিক্ষার্থী মেস ভাড়া করে থাকতেন। বিস্ফোরণে তারা আহত হওয়ায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমরা তেমন কিছু পাইনি। এখন ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে।
ঘটনাস্থলে থাকা তেজগাঁও থানার এসআই আব্দুল মান্নান জানান, আহত দুই শিক্ষার্থী মেস ভাড়া করে করে সেখানে থাকতেন। তাদের কক্ষেই ঘটে বিস্ফোরণ। তবে বিস্ফোরণের কারণ জানা সম্ভব হয়নি। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান জানান, বিস্ফোরণের কারণ আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। বিকট শব্দে এখানে বিস্ফোরণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি), ডিবিসহ পুলিশ বিভিন্ন ইউনিটের সদস্য রয়েছেন।
বার্তা বাজার/এসজে