সম্প্রতি ছাগল নিয়ে সেলফি তোলার সময় চোর বলে ধরে নিয়ে গাছে বেঁধে দুই শিক্ষার্থীকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে নির্যাতনের অভিযোগে নাজমুল হোসেন নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ অক্টোবর) সকালে দিনাজপুরের হাকিমপুরে মোল্লাবাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার ১১ ঘণ্টা পর নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য নাজমুল ইসলামকে আটক করছে পুলিশ। পরে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
নির্যাতনের শিকার শিক্ষার্থী আরিফ ও সৌরভ জানায়, শুক্রবার স্কুল বন্ধ থাকায় বাবার মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। যাওয়ার সময় উপজেলার মোল্লাবাজার এলাকায় গিয়ে রাস্তার পাশে একটি সুন্দর ছাগলের বাচ্চা দেখতে পায়। এসময় তারা কোলে নিয়ে সেলফি তোলার জন্য প্রস্তুত হন। এরপরই কয়েকজন লোক তাদের চোর চোর বলে বলে ধাওয়া করে।
এতে তারা ভয় পেয়ে যায়। সেখান থেকে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাবার চেষ্টাকাল করে। সে সময় তাদেরকে রাস্তার উপর থেকে ধরে নিয়ে গিয়ে ছাগল চুরির অভিযোগ এনে ইউপি সদস্য নাজমুল হোসেনসহ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে এলোপাথাড়ি মারতে থাকে।
এদিকে, সম্মানহানির কথা বিবেচনা করে ওই শিক্ষার্থীর পরিবার বিষয়টি ধামাচাপা দিতে চায়। কিন্তু শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। পরে বিষয়টি থানা পুলিশের নজরে এলে শুক্রবার সন্ধ্যায় হাকিমপুর মহিলা ডিগ্রী কলেজ এলাকা থেকে দুই শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে ইউপি সদস্য নাজমুল হোসেনকে আটক করেন।
হাকিমপুর থানা ওসি খায়রুল বাসার শামীম জানান, ‘এ বিষয়ে নির্যাতনের শিকার স্কুল ছাত্র আরিফের বাবা উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মনিরউদ্দীন হাকিমপুর থানায় ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মুল আসামিকে গ্রেফতার করা হয়েছে, ভিডিও দেখে শনাক্ত করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
বার্তা বাজার/এসবি