রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার সুষ্ঠু তদন্ত চায় যুক্তরাষ্ট্র
কক্সবাজারে রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এক বিবৃতিতে মুহিবুল্লাহ হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করতে আহ্বান জানান অ্যান্থনি ব্লিঙ্কেন।
তিনি বলেন, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যার খবরে আমরা গভীরভাবে শোকাহত। সারাবিশ্বে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় এক সাহসী এবং শক্তিশালী প্রচারক হিসেবে ভূমিকা পালন করছিলেন তিনি। যুক্তরাষ্ট্র সফরের সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ধর্মীয়ভাবে নিপীড়িত হওয়া জনগোষ্ঠী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুহিবুল্লাহকে হত্যায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে আমরা তার হত্যার পূর্ণাঙ্গ ও সুষ্ঠু তদন্তের আহ্বান জানাই। আমরা রোহিঙ্গাদের পক্ষে সমর্থন অব্যাহত রেখে এবং রোহিঙ্গারা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে উচ্চকণ্ঠ হতে পারে, সে জন্য সহায়তার মাধ্যমে তার কাজের প্রতি শ্রদ্ধা জানাব।
এদিকে অ্যান্থনি ব্লিঙ্কেন তার টুইটে লিখেছেন, বাংলাদেশে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় আমরা গভীরভাবে মর্মাহত। সারা বিশ্বে রোহিঙ্গাদের পক্ষে একজন সাহসী নেতা হিসেবে তিনি বেঁচে থাকবেন।
উল্লেখ্য, বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর ব্লক-ডি ৮ এ নিজ সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস্ অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ।
গতকাল ৩০ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই হাবিবউল্লাহ উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন। আজ শুক্রবার মুহিবুল্লাহ হত্যা মামলায় জড়িত সন্দেহে মো. সেলিম (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
বার্তা বাজার/নব