‘অবৈধ বিয়ে’ নিয়ে এবার মুখ খুললেন নাসির

ক্রিকেটার নাসির হোসেন ও বিমানবালা তামিমা সুলতানা তাম্মী বিয়ে বৈধ নয় বলে প্রমাণ পেয়েছে তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

একইসঙ্গে অবৈধ তালাকের অভিযোগে নাসির, তাম্মী এবং নাসিরের শাশুড়ি সুমি আক্তারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে এ সমন জারি করেন। এতে আগামী ৩১ অক্টোবরের মধ্যে ৩ জনকেই আদালতে হাজির হতে বলা হয়েছে।

পিবিআইয়ের প্রতিবেদন প্রকাশের পর নাসির সংবাদমাধ্যমকে বলেন, আমাকে একটু সময় দেন, আমি নিজে ফোন দিয়ে আপনাদের সবকিছু বলবো।

তদন্ত প্রতিবেদন নিয়ে কি মনে হচ্ছে এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, মনে তো অনেক কিছুই হচ্ছে। তবে এখনই আমি কিছু বলবো না। সময় নিয়ে সব বলবো।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, তামীমা তাম্মী এখনও ব্যবসায়ী রাকিব হাসানের স্ত্রী। তাম্মীকে তালাক দেননি রাকিব। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনও রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির ও তামিমা। এরপরই নাসিরের বিরুদ্ধে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ উঠে। গত ২৪ ফেব্রুয়ারি নাসির-তামিমার বিরুদ্ধে মামলা করেন রাকিব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর