কুবিতে ‘এপ্লিকেশন অব সফটওয়্যার ইন বিজনেস রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল’র (আইকিউএসি) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের শিক্ষকদের নিয়ে তিন দিন ব্যাপী ‘এপ্লিকেশন অব সফটওয়্যার ইন বিজনেস রিসার্চ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১ অক্টোবর ২০২১) সকাল ১০ টায় ভার্চুয়াল ক্লাস রুমে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।
ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই আর গবেষণা হচ্ছে শিক্ষকের প্রাণ। বিশ্ববিদ্যালয়ে শুধু জ্ঞান বিতরন হয় না, জ্ঞান সাধনা ও জ্ঞান সৃষ্টির আদর্শ জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেই পরিবেশ শিক্ষকদেরই করতে হয়। এই প্রশিক্ষণ কর্মশালায় স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
‘এপ্লিকেশন অব সফটওয়্যার ইন বিজনেস স্টাডিজ’ শীর্ষক কর্মশালাটির রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এইচআরএম বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফতাব উদ্দিন, ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অনুপম দাস গুপ্ত এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অনুষ্ঠানটি কো-অর্ডিনেট করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাস।
সাজ্জাদ বাসার/বার্তা বাজার/এসবি