তালা ভেঙে হলে প্রবেশ করলো ঢাবি শিক্ষার্থীরা

তালা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলে প্রবেশ করেছেন শতাধিক শিক্ষার্থী। আগামী ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হক খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও আগেই তালা ভেঙে হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে একুশে হলের প্রধান ফটকের কলাপসিবল গেইটের তালা ভেঙে হলে ঢুকে পড়েন শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষায় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন।

হল প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য অনুরোধ করা হলেও তাতে তারা কর্ণপাত করেননি। এ ব্যাপারে অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ বলেন, ছাত্রদের আমরা মিটিংয়ে বসেছি। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে। আলোচনা শেষে সিদ্ধান্ত জানাতে পারবো।

শিক্ষার্থীদের দাবি, তাদের অনেকেই মেসে ভাড়া থাকেন। সেপ্টেম্বর মাসেই তাদের অনেকেই মেস ছেড়ে দিয়েছেন। এখন ৫ অক্টোবর পর্যন্ত মেসে থাকতে গেলে পুরো মাসের ভাড়া দিতে হবে। অতিরিক্ত ভাড়া বাঁচাতেই তারা হলে উঠেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ৫ অক্টোবর হল খোলার কথা থাকলেও আমাদের অনেকেই মেসে থাকে। মাত্র পাঁচ দিনের জন্য পুরো মাসের ভাড়ার টাকা দেবো? তাই অনেকেই ১ তারিখই মেস ছেড়ে দিয়েছে।

উল্লেখ্য, ১ অক্টোবরে হল খুলে দেয়ার জন্য গত কয়েকমাস ধরেই সাধারণ ছাত্র ও ছাত্রসংগঠনগুলো দাবি জানিয়ে আসছিল। কিন্তু প্রশাসন ৫ অক্টোবর হল খুলে দেওয়ার সিদ্ধান্তে অটল ছিল।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর