সেতু নয়, দৌলতদিয়া-পাটুরিয়ায় টানেল নির্মাণ হবে: কাদের

পদ্মা নদীর নাব্য ধরে রাখতে দৌলতদিয়া-পাটুরিয়ায় সেতু করার পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। সেখানে সেতু না করে টানেল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নদী বাঁচাতে হবে, অন্যথায় শ্যামল বাংলাদেশ আর থাকবে না। এত সেতুর দরকার কী? অনেকেই দাবি করেছেন দৌলদিয়ায় আরেকটি সেতু হোক। যদি দুইটা সেতু হয় তাহলে নদীর নাব্যতা কী হবে তা আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি।

সেতুমন্ত্রী বলেন, দৌলতদিয়া-পাটুরিয়ায় সেতু না করে টানেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এছাড়া জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে গাইবান্ধা রুটে আরেকটি টানেল নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। চট্টগ্রামে কর্নফুলী নদীর তলে যে টানেল হচ্ছে সেটার কাজ প্রায় ৭৫ ভাগ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, শুধু রাস্তা নির্মাণ করলেই হবে না, রাস্তা মজবুত করতে হবে। পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ করাটাও জরুরি।

এ সময় বিএনপির সমালোচনায় তিনি বলেন, গত নির্বাচনের আগে বিএনপি ভিশন-২০৩০ নামে যে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করেছিল তা এখন ডিপ ফ্রিজে রয়েছে। বিএনপির কাউন্টার ভিশন কখনও আলোর মুখ দেখবে না। নেতিবাচক রাজনীতির জন্য এমনিতেই বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও বলেন, সকল পরিকল্পনাই প্রধানমন্ত্রীর বিবেচনায় আছে। আওয়ামী লীগের ভিশন বিএনপির ভিশন নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১, ২০৪১ ও ২১০০, যখন যা করার দরকার তখন তিনি তাই করবেন।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো. হোসেন মানসুরের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল হুদা এবং সড়ক ও জনপদে অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একেএম মনির হোসেন পাঠান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডক্টর এ.এফ.এম সাইফুল আমিন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর