বংশী ও গাজীখালি নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ঢাকার ধামরাই উপজেলায় বংশী ও গাজীখালি নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। ফলে নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে। পাশাপাশি, নদীর তীর সংলগ্ন বসতবাড়ি এবং কৃষি জমিও নদীগর্ভে বিলীন হবার দ্বারপ্রান্তে।

তবে প্রশাসনের কাছে গিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না ভুক্তভোগী এলাকাবাসী। এব্যাপারে এলাকাবাসী জানান, ধামরাইয়ের ঐতিহ্যবাহী বংশী ও গাজীখালি নদীতে অবৈধভাবে শতাধিক ড্রেজার মেশিন বসিয়ে দিনের পর দিন বালু উত্তোলন করে যাচ্ছে নাহিদ মিয়া নামের এক ব্যক্তি।

এর ফলে নদীর দু’পাশের বাড়ি-ঘর ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভিটেমাটি ছাড়া হচ্ছেন নিরীহ মানুষ। কিন্তু ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না এমনটা অভিযোগ তাদের। উল্টো তারা বালুখেকোদের হুমকিতে অসহায় জীবনযাপন করছেন। এজন্য তারা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ জকি বলেন, এরকম অভিযোগ আমরাও পেয়েছি। ওই চক্র রাতের বেলা কিংবা বন্ধের দিনে বালু উত্তোলন করে। তবে আমরা যখনই অভিযোগ পাই, তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। ড্রেজার জব্দ করা সহ মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেই। তবে অধিকাংশ সময় ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়না।

তাই তখন আলামত নিয়ে এসে তা ধ্বংস করি। এগুলো নিয়ে স্থায়ী সমাধান করা একটু কঠিন, কারণ কাউকে পাওয়া যায়না এবং অনেকেই এর সাথে জড়িত। তবে আমরা চেষ্টা করবো এই জিনিসগুলো আরও কঠোরভাবে দমন করার। অভিযোগ পেলেই তাতক্ষণিক ব্যবস্থা নেওয়া সহ ঘটনাস্থলে তাদেরকে না পেলে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করা হবে।

মোঃ আল মামুন খান/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর