আগামীকাল শনিবার (২ অক্টোবর) বাংলাদেশে আসবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২ অক্টোবর) বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দেশে আসবে।
বিমানবন্দরে উপস্থিত থেকে টিকার চালানটি গ্রহণ করবেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এবং স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা দেশে আসে। পরে ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা, ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা, ২১ আগস্ট চতুর্থ চালানে ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ টিকা ও ২৮ আগস্ট পঞ্চম চালানে জাপান থেকে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসে।
বার্তা বাজার/নব