কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়ায় রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালংয়ের ৬ নম্বর রোহিঙ্গা শিবির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম মো. সেলিম (২৭) ওরফে লম্বা সেলিম।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাইমুল হক জানান, মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে সেলিমকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে সে আত্মগোপনে ছিল।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট এর ব্লক-ডি ৮ এ নিজ সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস্ অফিসে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। এরপর ৩০ সেপ্টেম্বর নিহতের ছোট ভাই হাবিবউল্লাহ উখিয়া থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা করেন।
কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্তের পর বৃহস্পতিবার আসরের পর উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প ১-ইস্ট এ তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লম্বাশিয়ায় নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে মুহিবুল্লাহকে দাফন করা হয়।
বার্তা বাজার/নব