যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও উৎসব মুখর পরিবেশে রংপুর বিভাগের শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ‘ক’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১.০০টা থেকে দুপুুর ১২:৩০ টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্থানীয়ভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো চার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্য কেন্দ্রগুলো হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,রংপুর, টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর সরকারী কলেজ ও কারমাইকেল কলেজিয়েট স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।প্রায় ১৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে আজকের পরীক্ষায়।
ইতোপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রাজধানীতে (ঢাকা) অনুষ্ঠিত হলেও এবছর প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সারাদেশে ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
পঞ্চগড় থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবকের সাথে কথা হলে তিনি জানান, বিভাগীয় শহরে কেন্দ্র হওয়ার খুব স্বল্প সময়ে স্বল্প ব্যয়ে পরীক্ষাকেন্দ্রে আসতে পেরেছি আবার পরীক্ষা শেষ করে আজকেই ফিরে যাবো যা ঢাকায় পরীক্ষা হলে পারতাম না।
নীলফামারীর থেকে আসা পরীক্ষার্থী রুবেল বলেন, সকালে বাসা থেকেই এসেছি পরীক্ষা দিতে। পরীক্ষা কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা ভালো ছিলো।
এছাড়া পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জায়গাসহ প্রয়োজনীয় সহযোগিতা করতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিচালনায় পরীক্ষা কেন্দ্রের বাইরে ‘জয় বাংলা তথ্য সহায়তা কেন্দ্র’ নামে বুথ ছিলো, যেখান থেকে শিক্ষার্থীদের কলম,মাস্ক,সূপেয় পানীসহ বিভিন্নভাবে সহায়তা করা হয়। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে পরীক্ষার্থী ও অভিভাবকদের সাহায্য করতে দেখা যায়।
ঢাবি ভর্তি পরীক্ষার রংপুর অঞ্চলের সমন্বয়ক ও বেরোবি অর্থ বিভাগের পরিচালক অধ্যাপক ড. এম হাফিজুর রহমান সেলিম বার্তা বাজারকে বলেন,মহামান্য রাষ্ট্রপতির আদেশে পেশাগতভাবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতায় অন্যান্য বিভাগীয় শহরের ন্যায় রংপুর বিভাগে ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রংপুরের পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে জানতে চাইলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বার্তা বাজারকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বিভাগীয় শহরে পরিচালনা করা অনেকটা চ্যালেঞ্জিং। সেই সাথে এমন উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে।কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
বার্তা বাজার/অমি