‘অভিশপ্ত আগস্ট’র ৩৫/৩৬ তম মঞ্চায়ন করবে পুলিশ নাট্যদল

বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সদস্যরা ৩৫ ও ৩৬ তম বারের মত মঞ্চায়ন করতে যাচ্ছে ভয়াল ১৫ আগস্টের পটভূমিতে রচিত নাটক ‘অভিশপ্ত আগস্ট’। আগামী শুক্র ও শনিবার (০১ ও ০২ অক্টোবর) রাজধানীর বেইলী রোডে অবস্থিত মহিলা সমিতিতে সন্ধ্যা ৭টায় শুরু হবে নাটকের আনুষ্ঠানিকতা।

“অভিশপ্ত আগস্ট” নাটকটি রচনা ও নির্দেশনায় থাকবেন বাংলাদেশ পুলিশের পরিদর্শক এবং বাংলাদেশ পুলিশ সাহিত্য ও সাংস্কৃতিক ক্লাবের সদস্য জাহিদুর রহমান। তথ্য সংকলন ও গবেষণায় থাকবেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার)।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে ক্লাবের সদস্য পুলিশ পরিদর্শক জাহিদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বিশ্ব ইতিহাসের ঘৃন্যতম বর্বরতায় স্বপরিবারে হত্যা করা হয়েছিল ১৯৭৫ এর ১৫ আগষ্ট কাক ডাকা ভোরে। সেই হত্যাকান্ডের করুণ আলেখ্য এবং পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে “অভিশপ্ত আগস্ট” নাটকটিতে।

বিশেষ করে ইতিহাসের খলনায়ক খোন্দকার মোশতাক এবং ঘাতকচক্রের সদস্য মেজর ফারুক, মেজর রশীদসহ পর্দার আড়ালে থাকা মাষ্টার প্ল্যানারদের ষড়যন্ত্রের বীজ বুনন, বঙ্গবন্ধুকে হত্যা ও ক্ষমতা দখলের নীলনকশা তৈরি এবং সেই ষড়যন্ত্রে সাম্রাজ্যবাদী শক্তির গোপন পৃষ্ঠপোষকতা এখানে উঠে এসেছে।

সেই সাথে উঠে এসেছে আর দশটা সাধারণ দিনের মতই হত্যাকান্ডের পূর্ব পর্যন্ত ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের কর্মব্যস্ততার চিত্র যেটা দেখে বোঝারই উপায় ছিলনা কিছুক্ষণ পরেই বাঙ্গালীর জাতির প্রেরণার উৎস এই বাড়ী হয়ে উঠবে বিভৎস এক মৃত্যুপুরী।

উল্লেখ্য, এর আগে পুলিশ বাহিনীর এই নাটয়দলটি ঢাকা রেঞ্জের সকল বিভাগ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট জেলা পুলিশ ও কুমিল্লা জেলা পুলিশসহ আরও বেশ কিছু উপজেলাতে এই নাটকটি মঞ্চায়ন করেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর