ড্রেনে পড়ে ছাত্রীর মৃত্যু: স্ল্যাব দিলেন ‘বিএনপির’ সাবেক মেয়র
চট্টগ্রাম নগরীতে উন্মুক্ত নালায় পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যুর পর বিরাজ করছে আতঙ্ক। কে কখন ডুবে মারা যান তা নিয়েই যত ভয়। এমন সময় বিএনপি থেকে নির্বাচিত সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলম এক ট্রাক ভর্তি ড্রেনের স্ল্যাব নিয়ে হাজির হন নগর ভবনে। দিয়ে আসেন বর্তমান মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে টাইগার পাস এলাকায় নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে ট্রাকভর্তি স্ল্যাব নিয়ে হাজির হন মঞ্জুর।
তিনি জানান, শহরের ড্রেনগুলোতে স্ল্যাব নেই। মানুষ একের পর এক মারা যাচ্ছে। লোকজন নানা কথা বলছে। তা শুনলে আমারও খারাপ লাগে। তাই গিয়ে বলে এসেছি স্ল্যাব বসাতে ও আলোর ব্যবস্থা করতে।
তিনি জানান, মেয়র সাহেবকে বলেছি, আসলে মানুষ চিনে জনপ্রতিনিধিকে। আপনি জনপ্রতিনিধি। জলাবদ্ধতা তো আসলে আপনার কাজ। সিডিএ বা সেনাবাহিনী জলাবদ্ধতা প্রকল্প বাস্তবায়ন করছে। ঠেলাঠেলি করে লাভ কী। প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সবাইকে তো মিলেমিশে কাজ করতে হবে।
এর আগে সোমবার রাতে আগ্রাবাদে নবী টাওয়ারের কাছে নাছির ছড়া খালে পড়ে ডুবে মারা যান সাদিয়া। আগেও এমন কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পরস্পর পরস্পরকে দোষারোপ করছেন সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
উল্লখ্য, ২০১০ সালে এবিএম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় এক লাখ ভোটের হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর। আগে তিনি আওয়ামী লীগের হয়ে কাউন্সিলর নির্বাচিত হলেও বিএনপির টিকেট নিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আ জ ম নাছিরের কাছে হেরে যান তিনি। পরে আবারও ফিরে যান আওয়ামী লীগে।
বার্তা বাজার/এসজে