নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার নামে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তারই ভাগ্নে ফখরুল ইসলাম রাহাত। বুধবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে তিনি নোয়াখালীর পুলিশ সুপারের কাছে লিখিতভাবে এই অভিযোগ জানান। ওই অভিযোগের অনুলিপি দেওয়া হয়েছে কোম্পানীগঞ্জ থানার ওসিকে।
অভিযোগে উল্লেখ করা হয়, ১৯৯৯ সালে বসুরহাট পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন করে বহুতল বিশিষ্ট এইচ. আর সিটি কমপ্লেক্স মার্কেট নির্মিত হয়। ওই কমপ্লেক্সে এক্সিম ব্যাংকের শাখা ও যমুনা ব্যাংকের এটিএম বুথসহ এ মার্কেটে ৮২টি দোকান রয়েছে। বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নামে তাঁর লোকজন এক কোটি টাকা চাঁদা দাবি করেছে। দাবিকৃত চাঁদা না দিলে মেয়র কাদের মির্জা মার্কেট ভেঙে ফেলবে মর্মে হুমকি দিয়েছে মার্কেটের ব্যবসায়ীদের। এ সময় মেয়র মার্কেটের একটি অংশে লাল রং লাগিয়ে দাগ টেনে দেন।
ওই সিটি কমপ্লেক্সের মালিক রাহাত জানান, বৃহস্পতিবার সকাল থেকে বেশ কয়েকবার মার্কেটে প্রবেশ করেছে তার বাহিনী নিয়ে। তখন হুমকি দিয়ে বলেন, ‘এখনো মালামাল সরানো হয়নি কেন? পুলিশ কতক্ষণ পাহারা দেবে? আমি যে কোনো মুহূর্তে মার্কেটের চিহ্নিত অংশ ভেঙে ফেলব’। এ নিয়ে এখনো আতঙ্কে আছি আমি।
এ বিষয়ে কাদের মির্জাকে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে দুপুরে লাইভে এসে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন।
বার্তা বাজার/এসজে