ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দু’দিনের রিমান্ডে আছেন দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বক্তব্যের জেরেই তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করা হয়।
তার বিষয়ে ডিএমপির গোয়েন্দা বিভাগের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ জানান, মুফতি কাজী ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদে কিছু উদ্ভট ও বিভ্রান্তিকর তথ্য বের হয়েছে। তিনি যা যা বলেছেন সবই না কি স্বপ্নযোগে জানতে পেরেছেন। তিনি স্বপ্নে জেনেছেন, একদিন মন্ত্রী হবেন।
পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদ আরও জানান, গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের মাধ্যমে আমরা প্রতিদিনই কারা কী বলছে সবকিছুর খেয়াল রাখছি। কাজী ইব্রাহিম প্রায়ই বিভিন্ন ধরেনের বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে যাচ্ছিলেন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোনো বিষয়েই তার কোনো গভীরতা নেই। সঠিক কোনো জ্ঞান না থাকার কারণে উনি যেখান থেকে যেটা পাচ্ছেন সেটার ওপরই কথা বলছেন।
তিনি আরও জানান, কাজী ইব্রাহীম বলেছেন উনি নাকি স্বপ্নে দেখেছেন তালেবানরা ক্ষমতায় আসবে। করোনা টিকা নিলে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। ইদানিং বলেছেন, যারাই কোরআন হাদিসের আলোকে কথা না বলে তারাই হয়ে যাবে হিন্দুস্তানি দালাল, তারা হয়ে যাবে র-এর দালাল। বিভিন্ন উদ্ভট, বিভ্রান্তিকর তথ্য সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্লাটফর্ম ব্যবহার করে, মসজিদে, বিভিন্ন জায়গায় বলে বলে মানুষকে বিভ্রান্ত করছেন।
ইব্রাহিম দাবি করেছেন সব কিছু তিনি কোরআন-হাদিসের আলোকে বলেন উল্লেখ করে হাউরন অর রশীদ জানান, উনি নাকি স্বপ্ন দেখেছেন উনি মন্ত্রী হবেন। উনি স্বপ্ন কীভাবে দেখেন? আসলে এইগুলো আমরা যাচাই-বাছাই করার জন্য উনাকে নিয়ে আসছিলাম। যখন আমরা কথা বললাম, উনি কোনো কথারই সন্তোষজনক জবাব দিতে পারেননি। উনার কথাগুলো এখনো এলোমেলো মনে হচ্ছে।
বার্তা বাজার/এসজে