নিবন্ধনহীন পোর্টালের তালিকা বিটিআরসিতে, বন্ধ হবে আজকালই!

নিবন্ধনহীন অবৈধ নিউজ পোর্টাল বন্ধ করতে সেগুলোর তালিকা আজ অথবা কালের মধ্যেই বিটিআরসিতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনিভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করা হবে। সেই চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে খুব সহসা আমরা চেষ্টা করছি আজকের মধ্যেই বা কাল সকালে বিটিআরসিকে তালিকা পাঠাব। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করবে।

তিনি আরও জানান, অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল অনুমোদন যেমন একটি চলমান প্রক্রিয়া এবং অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে কিংবা সৎ উদ্দেশ্যে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে।

সম্প্রতি দেশের সরকারি সংবাদ সংস্থা বাসসহ বেশকিছু অনলাইন গণমাধ্যম কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছিল। সেটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল উল্লেখ করে তিনি জানান, বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে দেখা গেছে, নিবন্ধিত এমনকি সরকারি ওয়েব পোর্টালও বন্ধ হয়ে গিয়েছিল। এটি ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে। সেটি দ্রুত নিরসন হয়েছে। আমরা যে তালিকা পাঠাব সে অনুযায়ী বন্ধ করতে হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর