মাঠ রক্ষার দাবিতে সড়ক অবরোধ করে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র খেলার মাঠ রক্ষার দাবিতে সদরঘাটগামী জনসন রোড অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ধূপখোলায় অবস্থিত মাঠে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর আওতাধীন মেগাপ্রজেক্টের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা নাগাদ নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। ১২টা নাগাদ জবির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ঘন্টাখানিক পর পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে দেন তারা। এসময় যানচলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয় সিএমএমকোর্ট ও সদরঘাট এলাকায়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল দলের সদস্য আসাদুজ্জামান রাজু বলেন, ‘ মাঠ বিশ্ববিদ্যালয়ের নামে না লিখে দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সবার সাথে আলোচনা করে বিকালে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল দলের সদস্য আন্তাজ হেনা আঁখি বলেন, ‘ মাঠ আমাদের। প্রকল্পের নামে আমাদের মাঠ ছিনিয়ে নেওয়া চলবে না। সরকারের কাছে অনুরোধ আমাদের মাঠ ফিরিয়ে দেওয়া হোক। আজ আমরা পুলিশের অনুরোধ কর্মসূচী প্রত্যাহার করেছি। তবে সিটি কর্পারেশন খোঁড়খুড়ি বন্ধ করে আমাদের মাঠ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত কর্মসূচী অব্যহত থাকবে।’
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মাঠে সিটিকর্পোরেশনের কাজ বন্ধ করার দাবিতে শিক্ষার্থীর সড়ক অবরোধ করেছিলো। থানা থেকে যোগাযোগ করা হয়েছিলো আমাদের সাথে শিক্ষার্থীদের সড়িয়ে নেওয়ার জন্য। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।’
এবিষয়ে কথা বলতে কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন রেখে দেন।
উল্লেখ্য, ১৯৮২ সাল থেকে মাঠটি ব্যবহার করছে জবি।বিশ্ববিদ্যালয় ছাড়াও ৩ ভাগে বিভক্ত মাঠটির অপর দুই অংশের একটি ইস্ট অ্যান্ড ক্লাব ও অপর অংশটি স্থানীয়দের জন্য উন্মুক্ত হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
মোঃসুমন/বার্তা বাজার/্