আঠারবাড়িতে চেয়ারম্যান প্রার্থীকে কুপিয়ে হত্যা চেষ্টা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। দুর্বৃত্তরা অস্ত্রের মুখে বাড়িতে লুটপাটও চালায়। হামলায় আহত স্বামী-স্ত্রীকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আহাম্মদ উল্লাহ সিদ্দিকী সোহেলকে। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী দলীয় মনোনয়ন চেয়ে প্রচারণায় রয়েছে। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানও ইউনিয়নটির প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। বুধবার মধ্যরাতে ইউনিয়নটির উত্তরবনগাঁও গ্রামে সোহেলের বাড়িতে হামলা করে একদল দুর্বৃত্ত। সবার মুখ কাপড় দিয়ে বেঁধে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। প্রথমেই সোহেলর কক্ষে গিয়ে কোপাতে শুরু করলে তার স্ত্রী মাহমুদা রহমান মনি স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও কোপানো হয়।
ওই সময় সোহেলের ভাই ভাই আশরাফ সিদ্দিকী জুয়েলও আঘাতপ্রাপ্ত হন। হামলা কারীরা জুয়েলের ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। তার মায়ের গলায় অস্ত্র ঠেকিয়ে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়ে লুটপাট করা হয়। পরে আহত অবস্থায় সোহেল ও তার স্ত্রীকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে বিচার চেয়ে রায়বাজারে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
আহত সোহেলের বড়ভাই আশরাফ সিদ্দিকী জুয়েল বলেন, রাত ৩টার দিকে ১০-১৫ জনের মুখোশধারী দল বাড়িতে প্রবেশ করে। ঘরের দরজা ভেঙে দেশীয় অস্ত্র নিয়ে তার ভাইকে হত্যার উদ্দেশ্যে কোপাতে থাকে। বাড়িতে লুটপাটও করা হয়। নির্বাচনে প্রার্থী হওয়ায় তার ভাইকে হত্যার জন্য হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও ডিবি পুলিশের দল ঘটনাস্থল পরিদর্শন করেন। কিন্তু কাউকে শনাক্ত করেত পারেনি পুলিশ। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, কারা ঘটনাটি ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। একাধীক টিম মাঠে কাজ করছে।
আরিফুল হক/বার্তা বাজার/এসবি