নোয়াখালী জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে ঠাঁই হয়নি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌরসভার বহুল আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জার।
সদ্য ঘোষিত জেলা কমিটিতে অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমকে আহ্বায়ক করে ৮৭ জন সদস্য রাখা হয়েছে। সেখানে স্থান পাননি কমিটির শীর্ষ পদে থাকবে বলে গুঞ্জন ওঠা এই মেয়র।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই কমিটির অনুমোদন করেন। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদুল্লাহ খান সোহেল।
উল্লেখ্য, জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রাজনীতিতে হানাহানি ও রক্তপাতের যে ধারা চলতি বছরের শুরুর দিক থেকে সূত্রপাত হয়েছে তার জন্য অনেকেই দায়ী করেন কাদের মির্জার বেফাঁস বক্তব্যকে। তবে তার প্রতিপক্ষ মিজানের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ।
কাদের মির্জা ও মিজানের লোকজনের সংঘর্ষে চলতি বছরের ফেব্রুয়ারিতে মারা যান বার্তা বাজারের সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। কয়েকমাস আগে কাদের মির্জার বাসায় এলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের যাতায়াত বেড়ে যায়। একারণে গুঞ্জন উঠে উপর মহলের ইঙ্গিত পেয়েই হয়তো কাদের মির্জার সাথে সখ্যতা গড়তে নেতাকর্মীরা তার বাসায় যাচ্ছেন। কিন্তু এসব ধারণা ভুল প্রমাণ করে কমিটিতেই ঠাইঁ হয়নি কাদের মির্জার।
বার্তা বাজার/এসজে