বাড়তে পারে দিনের তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পরে। এসময়ে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। তবে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। গুজরাট এলাকায় অবস্থানরত অপর সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে উত্তর-পূর্ব আরব সাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোংলায়, ৫৮ মিলিমিটার। এসময়ে ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকার আকাশ অনেকটাই রৌদ্রজ্জ্বল, আকাশে রয়েছে হালকা মেঘের আনাগোনা।

বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর