পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা ও গুলি ছোড়ার ঘটনায় করা মামলায় ৯ আসামিকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন ও ১৩ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।ফাঁসির রায় দেয়া ৯ জনের মধ্যে আপন ভাই রয়েছেন ৩জন।
এরা হলেন, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন। রায় ঘোষণার সময় তিন ভাই আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বুধবার (০৩ জুলাই) দুপুর ১২টায় পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. রুস্তম আলী এই রায় ঘোষণা করেন।
এর আগে কড়া নিরাপত্তায় আসামিদের বেলা ১১টার মধ্যেই আদালতের হাজতখানায় নেয়া হয়। দুপুর পৌনে ১২টায় স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. রুস্তম আলী এজলাসে বসেন এবং রায় ঘোষণা শুরু করেন। দুপুর ১২টায় রায় ঘোষণা শেষ হয়। এ সময় আদালতে সরকারপক্ষ এবং আসামিপক্ষের শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার সময় কয়েকজনকে উচ্চস্বরে বলতে শোনা যায়, ‘আমাদের অন্যায়ভাবে দণ্ড দেয়া হয়েছে। আমরা এ রায় মানি না।’
অন্যদিকে রায়ের পর আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে আনন্দ মিছিল করেন এবং রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মিষ্টি বিতরণ করেন। তারা অবিলম্বে রায় কার্যকরের দাবি জানান। আদালত চত্বরে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাও সন্তুষ্টি প্রকাশ করে মিছিল করেন।
বার্তাবাজার/এএস