ই-কমার্সে বিভন্ন পণ্যের ছাড়ের হার বেধে দেওয়া হবে। তা হতে হবে পণ্যটির বাজার মূল্যের সঙ্গে মিল রেখে বা কাছাকাছি। অতিরিক্ত ছাড় ক্রেতাদের প্রলুব্ধ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা জানান তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, ‘করোনাকালে ই-কমার্সে অনেক প্রবৃদ্ধি হয়েছে। এটা ধরে রাখতে হবে।’ এজন্য তিনি বেশি বেশি এসক্রো সার্ভিস ব্যবহারের পরামর্শ দেন।’
বিট কয়েন নিয়ে এক প্রশ্নের জবাবে পলক বলেন, ‘বিশ্ব এখন অনেক এগিয়ে গেছে। বাংলাদেশও পিছিয়ে থাকতে চায় না। বিট কয়েন, ক্রিপ্টো কারেন্সির মতো ডিজিটাল মুদ্রা নিয়ে আলোচনা করতে চাই। একবারে বাদ দিয়ে দিতে চাই না। আলোচনা অন্তত হোক। তাহলে এর ভালো মন্দ-বেরিয়ে আসবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘অক্টোবর মাসকে সরকার সাইবার সিকিউরিটি মাস ঘোষণা করতে যাচ্ছে। এই আয়োজন আমাদের সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে সহায়তা করবে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘দেশের ৫০ শতাংশ ব্যাংক দেশে তৈরি সফটওয়ার ও নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করে।’
বার্তা বাজার/এসবি