সিরাজদিখানে গণটিকার দ্বিতীয় দিনে উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইউনিয়ন পর্যায়ে দুই দিনে গণটিকা পেল ১৮হাজার ৪৪০ জন মানুষ। আজ বুধবার সকাল ৯ টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের টিকাদার ক্যাম্পেইনে প্রথম ডোজ ভ্যাকসিন নিতে ২৫ বছর ও তদূর্ধ্ব বয়সী নারী পুরুষ এসেছে।
প্রতিটি ইউনিয়নে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলার ইছাপুরা, বয়রাগাদী, জৈনসার, কোলা, চিত্রকোট, শেখরনগর, রাজানগর, কেয়াইন, বাসাইল এই ৯ ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে শতশত নারী-পুরুষ টিকা গ্রহনের জন্য লাইনে দাড়িয়েছেন।
এদিকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নে থানা পুলিশ, গ্রাম পুলিশ লাইনে দঁাড়ানো মানুষদের আইন শৃঙ্খলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য অফিসকে সহযোগিতা করছেন। সকাল ১১ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গণটিকা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা।
এসময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউপির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার সহ আরো অনেকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বলেন, উপজেলা স্বাস্থ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী সকলে মিলে উৎসব মুখর পরিবেশে টিকা প্রদান বাস্তবায়নে একযোগে কাজ করছেন।
এর ফলে মানুষজনের মাঝে আনন্দ-উদ্দীপনা দেখা গেছে। আর আগের মতো ভয় না থাকায় টিকা গ্রহণের জন্য প্রচুর মানুষ কেন্দ্র গুলোতে এসেছে। সবার আন্তরিক সহযোগিতায় দ্বিতীয় দিনে ১১হাজার ৩৪০ জনকে টিকাপ্রদান করা হয়।
মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি