ময়মনসিংহে দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ময়মনসিংহের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী। সভায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড রাখাল চন্দ্র সরকার, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড বিকাশ রায়, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি এড তপন দে, মহানগর হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এড প্রশান্ত কুমার দাস চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডভোকেট পিযুষ কান্তি সরকার বক্তব্য রাখেন।

এসময় জেলা, মহানগর এবং উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, যে গুলো মন্দিরে সামান্য জটিলতা রয়েছে সেগুলো দু একদিনের মধ্যেই নিরসন করা হবে। পুজারী ও ভক্তবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক সহযোগীতা করা হবে।

প্রতিটি মন্দির ও পূজামন্ডপের সার্বিক নিরাপত্তার স্বার্থে কমপক্ষে দুজন করে আনসার সদস্যকে দায়িত্ব দেয়া হবে। এর পরও কোথাও কোন ধরণের সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক আইন শৃংখলা বাহিনীকে অবহিত করতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান পুলিশ সুপার।

আলোচনা শেষে উপস্থিত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মাঝে মাস্ক উপহার দেন পুলিশ সুপার আহমার উজ্জামান। জেলায় এবার ৭৪৭ টি মন্দির ও মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

নাজমুস সাকিব/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর