আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবানরা ইসলামি পরিবেশ না হওয়া পর্যন্ত তাদের দেশের বিশ্ববিদ্যালয়ে নারীদের ক্লাস করতে দিচ্ছে না বলে নিউ ইয়র্ক টাইমসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। এই সংবাদকে গুজব উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে তালেবানরা।
পাকিস্তানের টিভি চ্যানেল জিয়ো নিউজকে দেওয়া এক বার্তায় আফগানিস্তানের সম্প্রচার মন্ত্রণালয় ও কাবুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো নারী শিক্ষার্থীর ক্লাসে উপস্থিত হওয়ার ক্ষেত্রে বাধা নেই। বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষক ও শিক্ষার্থীরা আগের মতোই পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ করছেন।
এর আগে সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, নারীদের ওপর আরোপিত বিধিনিষেধ কঠোর করে তালেবান সরকারের নিয়োগ দেওয়া কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সোমবার বলেছেন, “এই বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী ও শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হলো।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আশরাফ ঘাইতের টুইটকে উদ্ধৃত করেই ওই খবর প্রকাশ করা হয়। তিনি বলেন, যতক্ষণ না প্রকৃত ইসলামি পরিবেশ সবার জন্য প্রদান করা হয়, ততক্ষণ পর্যন্ত নারীদের বিশ্ববিদ্যালয়ে আসতে বা কাজ করতে দেওয়া হবে না। ইসলাম প্রথম।
পাশতু ভাষায় লেখা ওই টুইটে ঘাইরাত বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের শিক্ষাদানের জন্য পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। তবে কবে নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে, তা উল্লেখ করেননি তিনি। ঘাইরাত আরও বলেন, নারী প্রভাষকের স্বল্পতার কারণে পুরুষ প্রভাষকদের পর্দার পেছন থেকে ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। এভাবে ছাত্রীদের শিক্ষার জন্য একটি ইসলামি পরিবেশ তৈরি হবে।
এই টুইটকে দেখেই সিএনএন তাদের খবর বলেন, আফগান নারীদের জনজীবন থেকে বিচ্ছিন্ন করার সর্বশেষ পদক্ষেপ এটি। পাশাপাশি নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদনকে উল্লেখ করে আরও কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়।
এদিকে কাবুলের বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, ভুয়া একটি টুইটার অ্যাকাউন্ট থেকে দেওয়া বক্তব্যকে উপলক্ষ্য করে নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করে ফেলেছে। মানুষকে ভুয়া খবর দিয়ে বিভ্রান্ত করতে এসব ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে।
তারা আরও জানায়, কাবুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো তৎপরতা চালান না। তার কোনো অ্যাকাউন্টই নেই। কোনো খবর প্রকাশ করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে নেওয়া উচিৎ।
বার্তা বাজার/এসজে