সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্বাস উজ জামানকে বেঁধে রেখে আগ্নেয়াস্ত্রের মুখে প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়েছে একদল ডাকাত। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার তারটিয়ায় চেয়ারম্যানের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা জানান, চেয়ারম্যানের বাড়িতে পাকা ভবনের ঘর রয়েছে ৬টি ও দোতলা মাটির ঘর ৪টি। ঘটনার দিন রাতে বাড়িতে ছিলেন শুধুমাত্র চেয়ারম্যানের বৃদ্ধ মা। ডাকাত দলের কিছু সদস্য চেয়ারম্যানের সাথে সাক্ষাতের কথা বলে আগে থেকেই কোনো একটি ঘরে লুকিয়ে ছিলেন। রাতে খাওয়া দাওয়ার পর আব্বাস উজ জামান ঘুমাতে যাওয়ার সময় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা।
পরে তার হাত পা বেঁধে ফেলেন। এসময় মাটির ঘরের গেটের তালা কেটে অন্য ডাকাতরাও তাদের সাথে যোগ দেয়। পরে চেয়ারম্যানের মাকেও বেঁধে ফেলা হয়। ডাকাতদল সাতটি আলমারি, চারটি ট্রাংক, দু’টি সেলফ ও চারটি ড্রেসিং টেবিল ভেঙে ৬০ ভরি সোনার গহনা ও নগদ দুই লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্বাস উজ জামান বলেন, ১৫/২০ জনের ডাকাতদল রাত সোয়া ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত আমার বাড়িতে তাণ্ডব চালায়। প্রায় ৫০ লাখ টাকার মালপত্র নিয়ে গেছে ডাকাতদল।
তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার বাড়ির পূর্ব দিকের গেট ভেঙে এ ডাকাতি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তা বাজার/এসজে