চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে প্রায় অর্ধ শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নানি-নাতিসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও অসংখ্য নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার বোগলাউড়ি ঘাট থেকে ওপাড়ের দশরশিয়া যাওয়ার পথে লক্ষ্মীপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, এখন পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হলেও দুজনের পরিচয় মিলেছে। তারা হলেন, উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী লিলিমন বেগম (৬২) ও তার নাতি সিয়াম (৮)। আরেকজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ছাত্রলীগ নেতা গোলাম মওলা জানান, নৌকাটিতে ধারণ ক্ষমতার চেয়েও অধিক যাত্রী ছিল। পাশাপাশি বুধবার দশোরশিয়া এলাকায় হাটবার হওয়ায় নৌকায় করে যাত্রীর পাশাপাশি অনেক মালামাল বহন করা হচ্ছিল। অধিক মালামাল ও যাত্রীর ভারেই নৌকাটি ডুবে গেছে।
এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মতিউর রহমান জানান, একটি টিম উদ্ধারকাজ চালাচ্ছেন। রাজশাহী থেকেই একটি ডুবুরি দল শিবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।
বার্তা বাজার/এসজে