বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে চরফ্যাসন উপজেলার মাইনুদ্দিন ঘাটের এফ বি জননী নামের একটি ট্রলার ডুবে মাঝিসহ ২০ জেলে নিখোঁজ রয়েছে। ট্রলারের সামনের অংশ ফেটে পানি প্রবেশ করে ডুবে যায় বলে নিশ্চিত করেছেন স্থানীয় আড়ৎ মালিক মোসলেউদ্দিন মাঝি।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢালচরের শিবচর এলাকার অদুরে সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
এ সংবাদ লেখা পর্যন্ত ২০ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি। তবে নিখোঁজ জেলে ও ট্রলারটি উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে বলে চরমানিকা কোষ্টগার্ড কন্টেজেন্ট কমান্ডার অলিউল্লাহ জানিয়েছেন।
নিখোঁজ জেলেরা হলেন, ট্রলার মালিক মহিউদ্দন মাঝি, আমজাদ, দুলাল, শাহজাহান চকিদার. ফরিদুল ইসলাম, ওবায়েদ উল্লাহ,মোসলেউদ্দিন মুছা, নুরনবী, আঃ মুনাফ চকিদার, শাহজাহান দালাল, জসিম,নুরে আলম, বেল্লাল হোসেন, জাকির হোসেন,মোঃ রুবেল। অপর ৪ জেলের নাম পরিচয় জানা যায়নি। নিখোঁজ জেলেরা চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্ধা বলে জানাগেছে।
আড়ৎ মালিক মোসলেউদ্দিন মাঝি জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনউদ্দিন ঘাটের এফবি জননী নামের মহিউদ্দন মাঝির মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ২০ জন মাঝি মাল্লা নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যান। মঙ্গলবার গভীর রাতে ঢালচরের শিবচর এলাকার ঝড়ের কবলে পরে ট্রলারটি সামনের অংশ ফেটে ডুবে যাচ্ছে বলে ট্রলারের মাঝি মাইনউদ্দিন মুঠোফোনে তাকে জানায়। তার পর থেকে তাদের সাথে কোন ধরনের যোগাযোগ করা যায়নি। খবর পেয়ে তাদেরকে উদ্ধার করতে ঘাট থেকে আরো দুটি ট্রলার পাঠানো হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ঘাটের জেলেদের মাধ্যমে ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোষ্টগার্ডকে অবগত করা হয়েছে।
আরিফ হোসেন/বার্তা বাজার/অমি