রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামি মুফতি কাজী ইব্রাহীমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. হাসানুজ্জামান।
এসময় আসামি পক্ষের আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে মুফতি ইব্রাহীমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে ডিবির একটি বিশেষ দল।
এরপর মোহাম্মদপুর থানায় পুলিশ বাদী হয়ে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এ মামলায় তার এ রিমান্ড আবেদন করা হয়।
এছাড়াও মোহাম্মদপুর থানায় জেড এম রানা নামে একজন বাদী হয়ে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন। মামলায় ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ওয়াজ মাহফিল, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বেশ কিছু বক্তব্যের কারণে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। এছাড়া করোনভাইরাসের টিকা নিয়ে তারা নানা অপ্রাসঙ্গিক বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বার্তা বাজার/নব