ময়মনসিংহের গৌরীপুরে মেয়েদের সামনে দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছেন রফিক (৫০) নামে এক বাবা। বুধবার (২৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধুর নাম ললিতা বেগম (৪০)।
স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ পরে বেশ স্বাভাবিকভাবেই ঘরে আসে রফিক। কিন্তু ঘরে এসে মেয়েদের সামনেই তার স্ত্রীকে দা দিয়ে এলোপাথাড়ি কোপায়। এসময় মেয়েরা তাদের বাবাকে থামাতে দিয়েও ব্যর্থ হয়। পরে ললিতাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ললিতার ভাই শামীম আহমেদ জানান, আমার ভগ্নিপতি রফিকের সাথে বোনের কোনো ঝামেলা ছিল না। বেশ স্বাভাবিক সংসার চলছিল তাদের, কিছুদিন আগে দুলাভাই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন। মানসিক রোগের জন্য তিনি চিকিৎসাধীন।
গৌরীপুর থানার এসি আব্দুল হালিম সিদ্দিকী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বার্তা বাজার/এসজে