ধামাকার লেনদেন ৭৫০ কোটি টাকা, ব্যাংকে আছে ১ লাখের কম

দেশের আরেক আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকম এ এখন পর্যন্ত ৭৫০ কোটি টাকা লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানটিতে গ্রাহকের বকেয়া আছে ৪০০ কোটি টাকা। কিন্তু প্রতিষ্ঠানটির ব্যাংক অ্যাকাউন্টে আছে ১ লাখের কম টাকা।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানায়, ধামাকা শপিং ডটকমের কোনো প্রকার অনুমোদন ও লাইসেন্স নেই। তাদের কোনো প্রাতিষ্ঠানিক ব্যবসায়িক অ্যাকাউন্টও নেই। ব্যবসা পরিচালনায় ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেড নামক প্রতিষ্ঠানের একাউন্টে লেনদেন করেছে তারা।

এখন পর্যন্ত ওই অ্যাকাউন্টে প্রায় ৭৫০ কোটি টাকা লেনদেন হওয়া সত্ত্বেও বর্তমানে আছে ১ লাখেরও কম টাকা। কেবল তাই নয়, বর্তমানে তাদের সেলার বকেয়া রয়েছে প্রায় ১৮০-১৯০ কোটি টাকা, গ্রাহকদের বকেয়া ১৫০ কোটি টাকা এবং গ্রাহকদের রিফান্ড চেক বকেয়া ৩৫-৪০ কোটি টাকা।

র‌্যাব আরও জানায়, আর্থিক সংকটের কারণে গত কয়েক মাস ধরে প্রতিষ্ঠানের অফিস ভাড়া বকেয়া রয়েছে। এছাড়াও জুন থেকে কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে । গত এপ্রিল মাস থেকে প্রতিষ্ঠানটির সব অর্থ অন্য জায়গায় সরানোর কারণে জুলাই থেকে তাদের সব কার্যক্রম বন্ধ রয়েছে ।

উল্লেখ্য, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ধামাকা শপিং ডটকমের সিওও মো. সিরাজুল ইসলাম রানাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর