আগামী অক্টোবরের প্রথম সপ্তাহেই ড. রেজা কিবরিয়া ও কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরের নেতৃত্বে ঘোষণা হতে পারে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ অধিকার পার্টি। এদিন ১০১ সদস্যের কমিটি ঘোষণার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার চেষ্টা চালাচ্ছে দলটি।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনও তারা অনুমতি পায়নি। তবে সেখানে সমাবেশ করতে না পারলেও কোনো অডিটরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করে তারা দলের নাম ঘোষণা করতে পারে।
জানা যায়, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা একীভূত হয়ে বাংলাদেশ অধিকার পার্টিতে যোগ দিয়েছে।
এ বিষয়ে ড. রেজা কিবরিয়া গণমাধ্যমকে জানান, শুরু থেকেই দেশের যে দলটি গণতান্ত্রিক এখন সে দল ঘোষণা করা সময়ের দাবি। তরুণদের সততা, আদর্শ ও নিষ্ঠা আমাকে মুগ্ধ করেছে। আমি মনে করে নুরের প্রস্তাবিত এই দলে আদর্শবান ছেলেমেয়ে আছে। তাদেরকে নিয়ে আমি যথেষ্ট আশাবাদী।
ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, গণমানুষের অধিকার নিয়েই আমরা লড়াই করতে চাই। আসন্ন নির্বাচনে সব দল যাতে অংশগ্রহণ করে এজন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবো। রাজনৈতিক দল ঘোষণা না দিলেও আমরা এখন পর্যন্ত ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও নানা অঙ্গ সংগঠনের প্রক্রিয়া নিয়ে কাজ করছি।
বার্তা বাজার/এসজে