ইভ্যালি-ধামাকাসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

ইভ্যালি-ধামাকাসহ দেশের আলোচিত চার ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ই-ক্যাবের পরিচালক আসিফ আহনাফ এ তথ্য নিশ্চিত করেছেন। সদস্যপদ বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- ইভ্যালি ডট কম লিমিটেড, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানের মধ্যে কিছু প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ই-ক্যাব অভ্যন্তরীণ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। ভোক্তা ও বিক্রেতাদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৬ প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া, অথবা সন্তোষজনক জবাব না দেওয়ার কারণে চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, ক্রেতা ও সরবরাহকারীদের অভিযোগ নিষ্পত্তি না করা, ই-ক্যাবের কারণ দর্শানো ও সতর্কীকরণ পত্রের জবাব না দেওয়া, ই-ক্যাবের পাঠানো অভিযোগের সমাধান না করা, ‘ডিজিটাল কমার্স নির্দেশিকা ২০২১’ প্রতিপালন না করা এবং ই-ক্যাব সদস্যভুক্ত সাপ্লায়ারদের পাওনা পরিশোধের বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ না করার অভিযোগ রয়েছে।

ইভ্যালির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বাববার ক্রেতাদের সমস্যার সমাধান না করা, ই-ক্যাবকে প্রয়োজনীয় তথ্য না দেওয়া, ডিজিটাল কমার্স নির্দেশিকা-২০২১ পরিপূর্ণভাবে প্রতিপালন না করা ও ক্রেতা-বিক্রেতাদের পাওনার পরিশোধের বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ না নেওয়ায় প্রতিষ্ঠানটির সদস্যপদ স্থগিত করা হয়েছে।

ধামাকা শপিংয়ের বিরুদ্ধে কয়েকমাস অতিবাহিত হওয়ার পরও ক্রেতাদের পণ্য বা মূল্য ফেরত না দেওয়া এবং ক্রেতা ও সরবরাহকারীদের অভিযোগসমূহের সমাধানে সুনির্দিষ্ট তারিখ না দেওয়া, কোনো পদক্ষেপ গ্রহণ না করা ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ প্রতিপালন না করা এবং অনির্দিষ্টকালের জন্য ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার অভিযোগ রয়েছে।

সিরাজগঞ্জ শপের বিরুদ্ধে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ প্রতিপালন না করা ও গ্রাহকদের অর্থ ফেরত না দেওয়াসহ অনেক অভিযোগ রয়েছে।

অন্যদিকে গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড প্রতিষ্ঠানটি ই-কমার্সের নামে বেআইনি এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগ ই-ক্যাবের অনুসন্ধানে প্রমাণ হওয়ায় তাদের সদস্যপদ স্থগিত হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর