আগামী ১ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। ওইদিন ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে।
এরপর ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট), ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) এবং ৯ অক্টোবর চারুকলা অনুষদের (চ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো ঢাকার বাইরে সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ঢাবি উপাচার্য।
ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের পরীক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের পরীক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের পরীক্ষার্থীদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের পরীক্ষার্থীদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ময়মনসিংহ বিভাগের পরীক্ষার্থীদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের পরীক্ষার্থীদের খুলনা বিশ্ববিদ্যালয়ে এবং বরিশাল বিভাগের পরীক্ষার্থীদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৭ হাজার ১৪৮ আসনের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৩৪০ শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন। এর মধ্যে ‘ক’ ইউনিটের ১ হাজার ৮১৫টি আসনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ জন, ‘খ’ ইউনিটের ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জন, ‘গ’ ইউনিটে ১ হাজার ২৫০ আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন এবং ‘চ’ ইউনিটে ১৩৫ আসনের বিপরীতে ১৫ হাজার ৪৯৬ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
বার্তা বাজার/নব