বাইক না দেওয়ায় রাসেল-শামীমাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

অর্ডারের পর বাইক না দেওয়ায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন আলমগীর হোসেন নামের এক আইনজীবী।

বুধবার (২৯ সেপ্টেম্বর) মামলার বাদী আলমগীর হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছে। আদালত জবানবন্দি গ্রহণ করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ইভ্যালির ‘সাইক্লোন’ অফার দেখে একটি মোটরবাইক অর্ডার করেন মামলার বাদী আলমগীর হোসেন রিগ্যান। ওই মোটরবাইকের বাজারমূল্য ১ লাখ ২৭ হাজার টাকা হলেও ছাড়কৃত মূল্য ছিল ৭০ হাজার ৯৯ টাকা।

এরপর তিনি ৩ মে রাতে তিনি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অর্ডারকৃত বাইকের বিল পরিশোধ করেন। ইভ্যালির পলিসি অনুযায়ী ৭ থেকে ৪৫ দিনের মধ্যে বাইক বা এর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও ১৪৯ দিনেও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি আসামিরা।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল-শামীমা দম্পতিকে গ্রেফতার করে র‍্যাব। গুলশান থানায় গ্রাহকের অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় তাদের গ্রেফতার করা হয়। এই মামলায় তিনদিনের রিমান্ড শেষে ধানমন্ডি থানায় আরেক গ্রাহকের অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় রাসেলের একদিনের রিমান্ড হয়।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর