দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি কাজী ইব্রাহীমকে আজ আদালতে তোলা হবে। মোহাম্মদপুর থানায় পুলিশের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় তাকে আদালতে তোলা হবে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি’র গোয়েন্দা-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে মোহাম্মদপুর থানায় ইব্রাহীমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন এক ভুক্তভোগী। এরপর পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার পর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে ইব্রাহীমকে আটক করে ডিবির একটি বিশেষ দল। এরপর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলেন বলে অভিযোগ আছে। জেড এম রানা নামে একজন বাদী হয়ে মুফতি ইব্রাহীমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। মামলায় ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছু বক্তব্যের কারণে আলোচিত-সমালোচিত এই বক্তা। এছাড়া করোনভাইরাসের টিকা নিয়ে তারা নানা অপ্রাসঙ্গিক বক্তব্য সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
বার্তা বাজার/নব