সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করেছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘জেড এম রানা নামে একজন বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন।’
এর আগে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, ফেসবুক-ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বাংলাদেশের মানুষকে হিন্দুস্থানের দালাল ও ‘র’ এর (ভারতীয় গোয়েন্দা সংস্থা) এজেন্ট বলছেন মুফতি ইব্রাহীম। কারা এই দালাল বা ‘র’ এর এজেন্ট- তাদের পরিচয়সহ বিভিন্ন বিষয় জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।
বার্তা বাাজর/এসবি