ছাত্রলীগের ঢাকা কলেজ ইউনিটের সঙ্গে বাক-বিতান্ডায় মহানগর উত্তর ছাত্রলীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষ্যে ছাত্রলীগের আনন্দ র‍্যালির প্রস্তুতিকালে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ঢাকা কলেজ ছাত্র লীগের ব্যানার টেনে ফেলা ও ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের গালমন্দ করার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে ৷

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার পর সংসদ ভবন এলকায় এই ঘটনার ঘটেছে বলেছে অভিযোগ করেছে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা কলেজ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী ৷ তবে এই অভিযোগ অস্বীকার করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন ৷

ঘটনাস্থলে উপস্থিত ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সংসদ ভবনের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলো ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা৷ এরপর প্রায় সাড়ে ১০ টার পর ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহীম হোসেন মিছিল সহ ঐ স্থানে আসে ৷

এরপর তিনি উপস্থিত ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সরে যেতে বলেন৷ এর পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসে তিনি ঢাকা কলেজ ছাত্রলীগের ব্যানার টেনে ফেলে দেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে “হু আর ইউ, তোরা কে ?

” এমন শব্দ উচ্চরন করেন ৷ তখন ঢাকা কলেজ ছাত্রলীগ ও ঢাকা মাহানগর উত্তর ছাত্রলীগের নেতা কর্মীদের মধ্যে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কাধাক্কি হয়৷ পরে ঘটনাস্থল ত্যাগ করার আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেন।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা কলেজ ছাত্রলীগের জালাল উদ্দিন বলেন, ” আমার সাথে কথা কাটাকাটি হইছে ৷ পরে প্রেসিডেন্ট (আল নাহিয়ান খান জয়) এসে মিটমাট করে দিছে ৷ তবে মারামারি হয় নাই৷ ”

ঐ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রলীগের কাওছার হাসান ৷ তিনি বলেন, আমরা আমাদের ইউনিট নিয়ে ব্যানার সহ দাঁড়িয়ে ছিলাম৷ উত্তরের সভাপতি তার ইউনিট নিয়ে পাশে ছিল৷ আমাদের ব্যানারে স্পষ্ট নাম লেখা আছে৷ এটা তো তার নিয়ন্ত্রনাধীন ইউনিট না ৷

প্রথমে তার নিয়ন্ত্রনাধীন ইউনিটের মত ব্যবহার করেছে৷ এর ৫ থেকে ৭ মিনিট পরে ফিরে এসে আবারও বাজে ব্যবহার শুরু করছে ৷

উনি আমাদের ব্যানার টান দিয়ে ফেলে ” হু আর ইউ – তোরা কারা ? ” এসব বলে যা তা ব্যবহার করেছে ৷ আমরা বলছি আপনি এভাবে কথা বলতে পারেন না৷ পরে রাগারাগি- ধাক্কাধাক্কি করে চলে আসছি৷

সে (মোঃ ইব্রাহীম) তো অন্য একটা ইউনিটের প্রেসিডেন্ট৷ আমাদের ইউনিটের সাথে এমন ব্যবহার করতে পারেন না৷ সাংগঠনিক ভাবে অনধিকার চর্চা করেছে৷ যোগ করেন কাওছার হাসান ৷

ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘদিন ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি না থাকার ফলে এমন বঞ্ছনার স্বীকার হতে হয় তাদের ৷ কমিটি না থাকা এবং নেতৃত্ব তৈরী না হওয়ার কারনে আনেক ক্ষেত্রে অবহেলার স্বীকার হচ্ছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ তাঁদের ৷

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম বলেন, ঢাকা কলেজ ছাত্রলীগ আমাদের প্রতিপক্ষ নয়। তাদের ব্যানার ছেঁড়া বা এরকম কিছুই ঘটেনি। প্রোগ্রাম এর শুরুতে তারা আমাদের সামনে দাঁড়িয়ে ছিল আর মাঝখানে কিছু জায়গা গ্যাপ ছিল। আমি তাদেরকে গ্যাপটুকু পূরণ করে দাঁড়াতে বলেছি।
ঘটনার বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়কে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি৷

ওমর ফারুক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর