যুবকেরা স্বউদ্যোগে কাজ করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে: জি এম কাদের

উচ্চশিক্ষিত যুবকেরা স্বউদ্যোগে কাজ করে বেঁচে থাকার চেষ্টা করতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নিজ বনানীস্থ কার্যালয়ের মিলনায়তনে কুড়িগ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী প্রকৌশলী মো. সাইফুর রহমান সরকার আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস-পত্রের মূল্য বাড়িয়ে জনদুর্ভোগ চরম পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। একদিকে করোনার অজুহাতে চাকরিজীবীদের বেতন অর্ধেক কমিয়ে দিয়ে তাদের জীবিকা নির্বাহের পথ দুর্বিষহ করে তোলা হয়েছে। আবার বেকারত্ব নিয়েও তামাশা করা হচ্ছে। উচ্চশিক্ষিত যুবকেরা স্বউদ্যোগে কাজ করে বেঁচে থাকার চেষ্টা করতে গিয়েও হয়রানির শিকার হচ্ছে। নিজের উপায়ের মাধ্যম মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলার মতো প্রতিবাদ আমাদের বিবেককে আহত করেছে।’

যোগদানকারী প্রকৌশলী মো. সাইফুর রহমান সরকারকে স্বাগত জানিয়ে জি এম কাদের বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে তিনি এক সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। দেশে এখন বি-রাজনৈতিক প্রক্রিয়া শুরু হয়েছে। ভোট দেয়া থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। রাজনৈতিক দল হারিয়ে যেতে বসেছে। কিন্তু দেশের মানুষ জাতীয় পার্টির স্বর্ণোজ্বল দিনের কথা মনে রেখেছে। জাতীয় পার্টির ভাবমূর্তি জনগণের কাছে আরো উজ্জ্বল হয়ে উঠেছে। তাই আলোকিত মানুষেরা জাতীয় পার্টির পতাকাতলে সমবেত হতে চায়। তারই ধারাবাহিকতায় এই যোগদান অনুষ্ঠিত হচ্ছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর