মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনের ফাঁসি

ফরিদপুরের বোয়ালমারীতে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় জিন্দার আলী শেখ ওরফে পলাশ নামে এক ব্যক্তির ফাঁসির দণ্ডাদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক প্রদীপ কুমার রায় এ দন্ডাদেশ ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার কদমী গ্রামের মো. মোসলেম মোল্যার মেয়ে ও স্থানীয় কদমী আবু জাফর সিদ্দিকীয়া মাদ্রাসার আলীম প্রথম বর্ষের শিক্ষাথী রুপালী খানমকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো একই এলাকার জিন্দার আলী শেখ ওরফে পলাশ। পরে রুপালীকে বিয়ের প্রস্তাব দেয়া হলে তার পরিবার সে প্রস্তাব ফিরিয়ে দেয়।

এরপর থেকেই সুযোগ খুঁজতে থাকে জিন্দার আলী। বিগত ২০১০ সালের ২০মে রুপালী খানম বাড়ী থেকে বের হবার পর তার আর সন্ধান পাওয়া যায়নি। পরদিন রুপালী খানমের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্টে হত্যার প্রমাণ মেলে।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে জিন্দার আলীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। পরে আসামী জিন্দার আলী আটক হলে আদালতে আসামী নিজেই ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন যে তিনি নিজেই রুপালী বেগমকে জোড় পূর্বক ধর্ষণ শেষে কাচি দিয়ে গলা কেটে হত্যা করে।

দীর্ঘ শুনানী শেষে আদালত আজ ১১ বছর পর জিন্দার আলীকে ফাঁসির আদেশ প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামী জিন্দার আলী আদালতে উপস্থিত ছিলেন।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর