কুষ্টিয়ায় দুই স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত

কুষ্টিয়া সদর উপজেলার খোকসা জানিপুর পাইলট বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী ও অন্যজন নবম শ্রেণির ছাত্রী।

সোমবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ্যে এলে বিদ্যালয়ে আসা ছাত্রীদের মনে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই বিদ্যালয় ছেড়ে বাড়িতে চলে যায়।

করোনা আক্রান্ত নবম শ্রেণির ছাত্রীর অভিভাবক জানান, তার পরিবারের ছয়জন করোনায় আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন। বাকি পাঁচজন ভালো আছেন।

করোনায় আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী গত ২৫ সেপ্টেম্বর ও নবম শ্রেণির ছাত্রী গত ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাসে উপস্থিত ছিল বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালমা খাতুন বলেন, করোনায় আক্রান্ত ওই দুই ছাত্রী সম্পর্কে চাচাত বোন। তাদের পরিবারের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত। তারা বাড়ি থেকে আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত দুই ছাত্রী যেসব শ্রেণিতে পড়তো সেসব শ্রেণির বাকি ছাত্রীদের করোনা পরীক্ষা করানো হবে বলেও জানান প্রধান শিক্ষিকা।

এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, করোনায় আক্রান্ত দুই শিক্ষার্থীর মধ্যে একজনের বয়স ১৬ ও অন্যজনের ১৭। স্কুল চাইলে ওই দুই শিক্ষার্থী যেসব শ্রেণিতে পড়ে সেসব শ্রেণির শিক্ষার্থীদের ফ্রি করোনা পরীক্ষা করানো হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর