নদীগুলোকে রক্ষা করা নদী দিবসের অঙ্গীকার: নৌ প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সার্বিকভাবে ধারণ করতে পারলে বিশ্ব আসনে বাংলাদেশকে আরো মর্যাদার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

জাতি যদি বঙ্গবন্ধুকে পুরোটাই নিজেদের মাঝে নিতে পারে তাহলে নদীমাতৃক এ বাংলাদেশকে সার্বিকভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সেটা সামনে দৃশ্যমান; জাতির পিতাকে সবাই সার্বিকভাবে ধারণ করেছে বলেই, আজকে বাংলাদেশ মর্যাদার জায়গায় গেছে।

বাংলাদেশ সমৃদ্ধির পথে হাঁটছে। বাংলাদেশের অর্থনীতির সূচক বিশ্বে একটি আলোচিত বিষয়; এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকে ধারণ করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করার জন্য। এই জায়গাটায় নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের শহীদ শেখ কামাল মিলনায়তনে মুজিব শতবর্ষ ও বিশ্ব নদী দিবস-২০২১ উপলক্ষে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘বঙ্গবন্ধুর নদী ও পরিবেশ ভাবনা এবং আমাদের করণীয়’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নদীগুলোকে রক্ষা করে এর প্রবাহ নিশ্চিত করাই- নদী দিবসের অঙ্গীকার। পঁচাত্তর পরবর্তী দূষিত সমাজ ব্যবস্থার কারণে নদীগুলোও দখল ও দূষণের কবলে পড়েছে।

সরকার ২০১৯ সালের জানুয়ারিতে ঢাকার চারপাশে নদী দখল উচ্ছেদ শুরু করে, তখন দেখা হয়নি কোনটা কার জায়গা। এই ঢাকার চারপাশ সরকার দখলমুক্ত করেছে। সেগুলোকে রক্ষা করার জন্য কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর