আখ চাষে ঝুকছেন রায়পুরার কৃষকরা

স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় আখ চাষে ঝুকছেন রায়পুরার আখ চাষীরা। এ বছর নরসিংদীর রায়পুরায় আখের ফলন ভালো হয়েছে। দাম ও পাচ্ছেন ভালো। তাই খুশি আখ চাষীরা। উপজেলার পলাশতলী, হাইরমারা, মুছাপুর ও আমীরগঞ্জ ইউনিয়নে আখ চাষ হয়েছে বেশি।

সরেজমিনে গিয়ে দেখা যায় কেউ জমি থেকে আখ কাটছেন, কেউ আটি বাধছেন, কেউ আবার আখের আখের আটিগুলো ভ‍্যান গাড়িতে তুলে দিচ্ছেন। এই উপজেলার আখ স্হানীয় চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলাগুলোতে বিক্রি করা হয়।

উপজেলার বিভিন্ন বাজারে ভালো মানের প্রতিটি আখ বিক্রি হয় ৮০ থেকে ১০০ টাকায়। রায়পুরা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৩১ হেক্টর জমিতে আখ চাষ করা হয়েছে। গত বছর ২৯ হেক্টর জমিতে আখ চাষ হয়েছিল। এ বছর আখের উৎপাদন বেড়েছে।

উপজেলার আখ চাষী জাকির হোসেন বলেন, এক বিঘা জমিতে আখ চাষ করতে খরচ হয় ২০ থেকে ৩০ হাজার টাকা। ফলন ভালো হলে বিক্রি করা যায় প্রায় এক থেকে দেড় লাখ টাকা। হাসনাবাদ গ্রামের আখ চাষী রণি মিয়া বলেন, আখ চাষে খরচ কম লাভ বেশি। তিনি ৫২ শতাংশ জমিতে আখ চাষ করেছন। এতে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তিনি বিক্রি করতে পারবেন প্রায় দেড় লাখ টাকা।

রায়পুরা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বনি আমিন খান বলেন, আখ চাষে সার ও কীটনাশক তেমন ব‍্যবহার করতে হয়না। তবে পর্যাপ্ত সেচের প্রয়োজন হয়। তিনি বলেন স্বল্প পরিশ্রম ও কম খরচে আখ চাষে বেশি লাভবান হওয়া যায়। আখের সাথে সাথী ফসল হিসাবে অন‍্য ফসলও চাষ করা যায়। অধিক পুষ্টিকর ও উচ্চ ক‍্যালরিসমৃদ্ধ হওয়ায় ক্লান্তি ও অবসাদ দূর করতে আখের রসের বিকল্প নেই।

একে এম রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর