‘বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, পৃথিবীর নির্যাতিত-নিপীড়িত-শোষিত-বঞ্চিত ও মুক্তিকামী মানুষের আজন্মের অনুপ্রেরণা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
যিনি বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন, একটি স্বকীয় জাতিসত্তার পরিচয় দিয়েছেন, একটি মানচিত্র, একটা পতাকা ও একটি পাসপোর্ট দিয়েছেন। বাঙালি জাতিকে হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা এনে দিয়েছিলেন যে মহান নেতা তাঁর হত্যাকারীদের বিচারের রায় আমরা কার্যকর করবোই।
কানাডার স্থানীয় সময় শনিবার সন্ধায় কানাডা আওয়ামী লীগ, ক্যুইবেক আওয়ামী লীগ ও কানাডা যুবলীগ এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতির পিতা “বঙ্গবন্ধু’র খুনী নূর চৌধুরীকে অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবির সমর্থনে মত বিনিময়” সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বর্তমানে কানাডায় পলাতক আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত নিতে আমাদের সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কানাডা প্রবাসী বাঙালিদেরও তিনি এই খুনীকে দেশে ফেরত পাঠানোর দাবীতে ঐক্যবদ্ধ হতে বলেছেন। এছাড়াও তিনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বিচক্ষণতায় জাতির পিতার পলাতক খুনীদের বিচারকার্য সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার পাশাপাশি জাতির পিতার মূল খুনী, প্রধান মাস্টারমাইন্ড জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচার কার্যকর করবো, ইনশাআল্লাহ।
কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মাহমুদ মিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন কানাডার মান্যবর রাষ্ট্রদূত ডা. খলিলুর রহমান, কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার হোসেনসহ ক্যুইবেক আওয়ামী লীগ ও কানাডা যুবলীগের নেতৃবৃন্দ।
মোস্তাক আহমেদ মনির/বার্তা বাজার/অমি