কাল দেশে আসছে ফাইজারের আরও ২৫ লাখ টিকা

কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে আগামীকাল সোমবার।

আমেরিকার ফ্লোরিডা থেকে ন্যাশনাল এয়ারলাইন্সের কার্গো বিমান টিকা নিয়ে সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আগামীকাল তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজ আসলে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসে পৌঁছাবে।

অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, মডার্নাসহ দেশে মোট টিকা এসেছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে করোনার প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর