২৮ সেপ্টেম্বর থেকে ফের গণটিকা কার্যক্রম

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

তিনি বলেন, গণটিকা ক্যাম্পেইনে একদিনেই ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে। এ কর্মসূচি নিয়ে দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত ব্রিফ করবেন। সেখানে তিনি বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরবেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি মাসেই সারাদেশে গণটিকা ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে।

দেশে শনিবার পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন। এর মধ্যে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকা প্রয়োগ করা হয়েছে। টিকার প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জন ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর