রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছ কাটার সময় গোঁড়ায় বিস্ফোরণে নারীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বিলটাকা পোড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন, বিলটাকা পোড়া এলাকার কাদেরের স্ত্রী আলেয়া (৩৪), বাকসাডাঙ্গি এলাকার আবদার (৪৫) ও খাটিয়াপাড়ার জলিল মণ্ডলের ছেলে জিন্নাত (৩৫)।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম জানান, বিলটাকা পোড়ার সদর আলী সরদারের বাড়ির পুকুর পাড়ে থাকা মেহগনি গাছ কাটছিল লোকজন। গাছের গোড়ার দিকে কোপ দিলে আচমকা বিস্ফোরণ হয়। তখন গাছ কাটায় নিয়োজিত দুই ব্যক্তি ও তাদের জন্য পানি নিয়ে আসা এক নারী আহত হন।
তিনি আরও জানান, গাছের গোড়ার নিচের দিকে জিআই পাইপ দেখা গেছে। কুড়ালের কোপ লেগেই সেটি বিস্ফোরিত হয় বলে শুনেছি। মনে হচ্ছে পাইপে বোমা জাতীয় কিছু ছিল।
বালিকান্দি থানার ওসি তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গাছ কাটার সময় বোমা জাতীয় কোনো বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বার্তা বাজার/এসজে