বার্তা বাজারের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকাণ্ডের ঘটনায় নিজের অনুসারী নেতাকর্মীদের শোন এরেস্ট দেখানো হচ্ছে বকে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌর মেয়র ও সেতুমন্ত্রীর ভাই আব্দুল কাদের মির্জা। শনিবার (২৫ সেপ্টেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে তিনি এই মন্তব্য করেন।
কাদের মির্জা বলেন, আজকে কোম্পানীগঞ্জে কী হচ্ছে? আমার নেতাকর্মীদের ধরে নিয়ে মুজাক্কির হত্যা মামলায় শোন অ্যারেস্ট দেখানো হচ্ছে। মিজানুর রহমান বাদলকে ২ ঘণ্টার মধ্যে জামিন দেওয়া হয়েছে, এটি কার নির্দেশে?
নিজের বড় ভাই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, কোম্পানীগঞ্জের মানুষের অন্তরের খবর নিয়ে, আপনার ওয়াদার প্রতি শ্রদ্ধা রেখে, অন্তত কোম্পানীগঞ্জে ৫০০ এবং কবিরহাটে ৫০০ ছেলেমেয়ের চাকরির ব্যবস্থা করুন। কোম্পানীগঞ্জের প্রত্যেক ঘরে ঘরে গ্যাসের সংযোগ দিন এবং কোম্পানীগঞ্জের দক্ষিণাঞ্চলের নদীভাঙন রোধকল্পে অনতিবিলম্বে ক্রস ড্যাম নির্মাণে পদক্ষেপ নিন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাংসদ একরামকে উদ্দেশ্য করে তিনি বলেন, তুমি সম্মান থাকতে সরে যাও। না হয় গণআদালতের মাধ্যমে তোমাকে বিতাড়িত করা হবে। একরাম তুমি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে কথা বলেছ। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নোয়াখালী জেলা আওয়ামী লীগের অফিস বন্ধ করেছ। তোমার বিচার আমরা করবই। একরাম তুমি আমার মরহুম বাবাকে কটাক্ষ করে কথা বলেছ।
তিনি বলেন, গত ২১ মাস পেরিয়ে গেছে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি। যে দুজনকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে, তারাও বিতর্কিত। কেন্দ্রীয় নেতাদের কীসের ভয়, জানি না? একেক সময় একেক দোহাই দিয়ে সময়ক্ষেপণ করছেন, কোনো সময় বলছে রোজার ঈদ, আবার বলে কুরবানির ঈদ এবং করোনার দোহাই। এখন সময়ক্ষেপণ করতে আবার বলছেন নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যুক্তরাষ্ট্র থেকে দেশে এলে কমিটি দেওয়া হবে।
বার্তা বাজার/এসজে